
স্টাফ রিপোর্টার।
নরসিংদীর মনোহরদী উপজেলায় বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুদের অভিযোগে একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯ হাজার লিটার তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় দৌলতপুর ইউনিয়নের কোচেরচর বাজার এলাকায় পরিচালিত অভিযানে ৪৮টি ড্রামে সংরক্ষিত সয়াবিন তেল উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে গুদামটিতে বিপুল পরিমাণ তেল মজুদের অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি পালিয়ে যায়।
উপজেলা প্রশাসনের দাবি,বাজারে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা অর্জনের উদ্দেশ্যে এসব পণ্য মজুদ করা হয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়।
মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া বলেন, জব্দ করা তেলের উৎস,সংরক্ষণের বৈধতা এবং মজুদের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান,ভোক্তা অধিকার ক্ষুণ্ন করে এমন যেকোনো মজুদদারি, কালোবাজারি ও অসাধু ব্যবসায়িক কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।