
বিশেষ প্রতিনিধি, সিলেট।
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার এলাকা থেকে নিখোঁজ হওয়া এক স্কুলছাত্রীকে ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার করেছে র্যাব-৯। একই সঙ্গে ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার গৃহশিক্ষক অন্তর খাঁনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-৯ জানায়,তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ জুন) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চর ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিখোঁজ ছাত্রীকে উদ্ধার এবং অভিযুক্ত গৃহশিক্ষককে আটক করা হয়।
তদন্ত সূত্রে জানা যায়,দক্ষিণ সুরমার একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী গত ২১ মে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত শুরু করে।
পরিবারের দাবি,গৃহশিক্ষক অন্তর খাঁন প্রেমের সম্পর্কের প্রলোভন দেখিয়ে ছাত্রীকে নিয়ে যান। এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে মোগলাবাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
র্যাবের সফল অভিযানের মাধ্যমে প্রায় এক মাস পর ছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়। পরবর্তীতে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং অভিযুক্তকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের ঘটনায় দ্রুত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।