
প্রতিবেদক:নিজস্ব প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনা নবীগঞ্জ কদম রসুল দরগাহ শরীফ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো.রায়হান কবির। শুক্রবার (১৯ জুন ২০২৬) দুপুরে তিনি দরগাহ পরিদর্শন শেষে পবিত্র জুমার নামাজ আদায় করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক দরগাহের সার্বিক পরিবেশ,সংরক্ষণ ব্যবস্থা,পরিচ্ছন্নতা,নিরাপত্তা এবং দর্শনার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,দরগাহ পরিচালনা কমিটির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
জেলা প্রশাসক মো.রায়হান কবির বলেন,ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনাগুলোর মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। কদম রসুল দরগাহ শুধু একটি ধর্মীয় স্থান নয়,এটি আমাদের ঐতিহ্য ও ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ।
তিনি আরও বলেন,দরগাহের পবিত্রতা,সৌন্দর্য ও নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি,প্রশাসন এবং এলাকাবাসীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক দরগাহের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।