
নিজস্ব প্রতিনিধি:
জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (জেবিএবি)-এর কেন্দ্রীয় দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬-এ সভাপতি পদে মোস্তাফিজুর রহমান মোস্তাক এবং সাধারণ সম্পাদক পদে শাহ জাহান নির্বাচিত হয়েছেন।
রাজধানীর কাকরাইলের আইডিইবি মিলনায়তনে শনিবার (১৫ আগস্ট) জেবিএবির সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন তফশিলি ব্যাংকের ব্যাংকাররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সভাপতি পদে মোস্তাফিজুর রহমান মোস্তাক ২৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী আলতামাসুল ইসলাম আকন্দ ইকবাল পেয়েছেন ১১ ভোট।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে শাহ জাহান ২২৫ ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী এ কে এম মাকসুদুর রহমান চৌধুরী পেয়েছেন ৫২ ভোট।
নির্বাচন পরিচালনা কমিশন-২০২৬-এর সার্বিক তত্ত্বাবধানে ভোটগ্রহণ ও ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনকে ঘিরে ব্যাংকারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
নির্বাচিত হওয়ার পর মোস্তাফিজুর রহমান মোস্তাক ও শাহ জাহান সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা ব্যাংকারদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষা, কল্যাণ নিশ্চিতকরণ এবং সংগঠনের ঐক্য আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
নতুন নেতৃত্ব জেবিএবিকে আরও শক্তিশালী, কার্যকর ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছে। সম্মেলনে অংশ নেওয়া ব্যাংকাররাও নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।