
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দায় অনুমোদিত নিয়ম না মেনে ওষুধ বিক্রি ও সার সংরক্ষণের অভিযোগে চার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চৌবাড়িয়া বাজার এবং ভাঁরশো লক্ষ্মীর মোড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জানা গেছে, চৌবাড়িয়া বাজারে ফিজিশিয়ান স্যাম্পল ও চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি করায় মো. রবিউল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে জিসান ফার্মেসি ও চিকিৎসালয়ের মো. নাইম হোসেনকে ৭ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
অন্যদিকে,চৌবাড়িয়া বাজারের মেসার্স শোভন ট্রেডার্সে সারের অব্যবস্থাপনার অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভাঁরশো লক্ষ্মীর মোড়ের মেসার্স সুনিল ট্রেডার্সকেও একই অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ। তিনি বলেন, ওষুধ বিক্রির ক্ষেত্রে ফিজিশিয়ান স্যাম্পল ও প্রেসক্রিপশনসংক্রান্ত আইন এবং সার সংরক্ষণ ও বিক্রির নির্ধারিত নিয়ম অবশ্যই মানতে হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে নওগাঁ ওষুধ প্রশাসন বিভাগের তত্ত্বাবধায়ক মিতা রায় এবং মান্দা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।