
ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
সারাদেশের সঙ্গে একযোগে ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা-২০২৬ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকালে প্রকাশিত ফলাফলে ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাশের হার দাঁড়িয়েছে ৫৭ দশমিক ৩৯ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে মোট ৫ হাজার ৭০০ জন শিক্ষার্থী।
ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনে এ বছর মোট ১ লাখ ৯ হাজার ৬১৩ জন পরীক্ষার্থী ফরম পূরণ করলেও পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৫ হাজার ২৮ জন। এর মধ্যে ছাত্র ৫৩ হাজার ৮৭৭ জন এবং ছাত্রী ৫১ হাজার ১৫১ জন।
অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে মোট ৬০ হাজার ২৭৪ জন কৃতকার্য হয়েছে। এর মধ্যে ছাত্র ২৮ হাজার ৩৭২ জন, যা ৫২ দশমিক ৬৬ শতাংশ এবং ছাত্রী ৩১ হাজার ৯০২ জন, যা ৬২ দশমিক ৩৭ শতাংশ।
এবার জিপিএ-৫ পাওয়া ৫ হাজার ৭০০ শিক্ষার্থীর মধ্যে ছাত্র ২ হাজার ৬২১ জন এবং ছাত্রী ৩ হাজার ৭৯ জন।
ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনে ১৮৮টি কেন্দ্রে ১ হাজার ৩৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়।
বিভাগের চার জেলার মধ্যে সর্বোচ্চ পাশের হার নেত্রকোনায় ৬০ দশমিক ৪৯ শতাংশ। এছাড়া ময়মনসিংহ জেলায় ৫৭ দশমিক ৮০ শতাংশ,জামালপুরে ৫৫ দশমিক ৬০ শতাংশ এবং শেরপুরে ৫৫ দশমিক ৪১ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
শাখাভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে পাশের হার সবচেয়ে বেশি—৭১ দশমিক ৮৭ শতাংশ। মানবিক বিভাগে ৪৬ দশমিক ১২ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৮ দশমিক ৯১ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
এ বছর ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীন চার জেলায় শতভাগ কৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা ১০টি। অন্যদিকে শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা ৪টি।
ফলাফলে অসন্তুষ্ট পরীক্ষার্থীরা উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য ফল প্রকাশের পরের দিন থেকে সাত দিনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে। আবেদন করা যাবে ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট ২০২৬ পর্যন্ত।