
কক্সবাজার প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষা,সবুজায়ন বৃদ্ধি এবং শহীদ ও জুলাই যোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কক্সবাজারের পেকুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে তারুণ্যের জুলাই ফাউন্ডেশন।
বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টায় পেকুয়া উপজেলায় শহীদ ওয়াসিমের সমাধি সংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার,পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি),জুলাই যোদ্ধা,শহীদ পরিবারের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ সমাজ ও স্বেচ্ছাসেবীরা।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ,জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় তারুণ্যের জুলাই ফাউন্ডেশনের প্রতিনিধি সাইফুল রহমান শহীদ ওয়াসিমের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি শহীদ ওয়াসিমসহ জুলাই আন্দোলনের সব শহীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
সাইফুল রহমান বলেন,শহীদদের স্মৃতি সংরক্ষণ,শহীদ পরিবারের পাশে দাঁড়ানো এবং জুলাই যোদ্ধাদের কল্যাণের পাশাপাশি পরিবেশ রক্ষায় তরুণদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হতে হবে।

বক্তারা বলেন,একটি বৃক্ষ শুধু পরিবেশ রক্ষার উপাদান নয়,এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবীর প্রতীক। শহীদদের স্মৃতিবিজড়িত স্থানে বৃক্ষরোপণের মাধ্যমে প্রকৃতি সংরক্ষণের পাশাপাশি তাঁদের আত্মত্যাগকে নতুন প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
তারুণ্যের জুলাই ফাউন্ডেশন জানিয়েছে, মানবতার সেবা, শহীদ ও শহীদ পরিবারের প্রতি সম্মান এবং পরিবেশ সংরক্ষণ—এই তিনটি ক্ষেত্রে তরুণ সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালনে উৎসাহিত করা হবে। দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নেরও প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।
কর্মসূচিতে উপস্থিত অতিথি,জুলাই যোদ্ধা,শহীদ পরিবারের সদস্য,স্বেচ্ছাসেবী ও স্থানীয় জনগণকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে তারুণ্যের জুলাই ফাউন্ডেশন।