
খাগড়াছড়ি প্রতিনিধি :
পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী তক্ষিরায় পাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাগিনাকে কুপিয়ে হত্যার অভিযোগে মামার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিহত কল্পরন্জন ত্রিপুরা (৫৮)কে স্থানীয়ভাবে সমাধিস্থ করা হয়েছে। এ ঘটনায় ভাগ্যরতি ত্রিপুরা (৩০) ও তার স্বামী যোগি ত্রিপুরা (৩৫)কে আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ মে) বিকালে ৯৯৯ কল করে খুনের খবর দেন মৃতের ভাগিনা খরন্জয় ত্রিপুরা। দুর্গম এলাকা হওয়ায় নিরাপত্তাজনিত কারণে শুক্রবার (৯ মে) দুপুরে লাশ উদ্ধার করা হয়। নিহতের ছেলে কিরণ জ্যোতি ত্রিপুরা বাদী হয়ে চারজনের নামে মামলা করেছেন।
খরন্জয় ত্রিপুরা জানান, তক্ষিরায় পাড়ায় জমি নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। সামাজিকভাবে কয়েকটি বৈঠক হলেও সমাধান হয়নি। ঘটনার দিন পূর্ন বিকাশ ত্রিপুরার সঙ্গে কল্পরন্জনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দা দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আটক আসামিদের আদালতে পাঠানো হবে।