
নিজস্ব প্রতিবেদক:
স্বাধীন বিচার বিভাগ, আইনের শাসন এবং দলীয়করণমুক্ত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন (এসসিবিএ) অডিটোরিয়ামে ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্স আয়োজিত‘ফিরে দেখা জুলাই’ শীর্ষক স্মৃতিচারণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এমপি। সভাপতিত্ব করেন ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্সের আহ্বায়ক অ্যাডভোকেট এস.এম. আজমল হোসেন এবং সঞ্চালনা করেন সংগঠনটির সদস্য সচিব অ্যাডভোকেট এনামুল বারী সরকার।
বক্তব্যে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন,জুলাই গণঅভ্যুত্থানের মূল প্রত্যাশা ছিল ন্যায়বিচার,আইনের শাসন ও নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা। নতুন বাংলাদেশে সহিংসতা, প্রতিহিংসা ও শক্তির রাজনীতির কোনো স্থান থাকতে পারে না।
তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে কথার সঙ্গে কাজের মিল রেখে জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনই এখন সময়ের দাবি।
তিনি আরও বলেন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, ৯০-এর গণঅভ্যুত্থান এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি গণতান্ত্রিক,ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে আইনজীবী, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।