
স্টাফ রিপোর্টারঃ
বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক কমিটির বিশেষ সহকারী ও তরুণ রাজনীতিক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিয়ে সম্পন্ন হয়েছে। তাঁর জীবনসঙ্গী ব্যারিস্টার নুসরাত খান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নূর মোহাম্মদ খানের কন্যা।
শনিবার (১১ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান,শুক্রবার (১০ অক্টোবর) রাতে রাজধানীতে এক ঘরোয়া আয়োজনে বাগদান ও আংটি পরানোর পরই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
রাজনৈতিক পরিবারে নতুন বন্ধন,ব্যারিস্টার নুসরাত টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবরিয়া গ্রামের মেয়ে। তাঁর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভার সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নূর মোহাম্মদ খান। অন্যদিকে ইশরাক হোসেন হলেন ঢাকা সিটির সাবেক মেয়র ও বিএনপির প্রভাবশালী নেতা সাদেক হোসেন খোকার একমাত্র পুত্র।
দুই রাজনৈতিক পরিবারের এই মিলনে দলীয় সহকর্মীসহ শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, নবদম্পতির জন্য দুই পরিবারের পক্ষ থেকে আশীর্বাদ ও শুভকামনা জানানো হয়েছে। শিগগিরই রাজধানীতে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা রয়েছে।
ইশরাকের পরিচয় ও কর্মজীবন:
১৯৮৭ সালের ৫ এপ্রিল জন্ম নেওয়া ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন শৈশব ও কৈশোর কাটিয়েছেন ঢাকায়। রাজধানীর স্কলাস্টিকা স্কুল থেকে ‘ও’ ও ‘এ’ লেভেল সম্পন্ন করে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ার থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
২০১১ সালে পড়াশোনা শেষে কিছুদিন যুক্তরাজ্যে কাজ করে দেশে ফেরেন তিনি। বর্তমানে তিনি বাংলাভিশন টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
নুসরাতের আবেগঘন প্রতিক্রিয়া
শনিবার (১১ অক্টোবর) নিজের ফেসবুক পেজে ব্যারিস্টার নুসরাত খান লিখেছেন—
আমি সকলের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার জন্য গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আনন্দের সঙ্গে জানাচ্ছি, গতকাল বারিধারায় আমাদের বাসভবনে এক ছোট্ট পারিবারিক অনুষ্ঠানে আমার সঙ্গে ইশরাক হোসাইনের এনগেজমেন্ট সম্পন্ন হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন,আগামী বছর একটি উপযুক্ত সময়ে আনুষ্ঠানিকভাবে বড় পরিসরে বিয়ের আয়োজনের পরিকল্পনা রয়েছে।
আপনাদের সবার সঙ্গে সেই আনন্দঘন মুহূর্ত উদযাপনের অপেক্ষায় আছি। আমাদের উভয় পরিবারের জন্য দোয়া প্রার্থনা করছি,যোগ করেন নুসরাত।
রাজনীতি ও পারিবারিক ঐতিহ্যের নতুন অধ্যায় শুরু করলেন ইশরাক ও নুসরাত। শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছে বিএনপির অঙ্গন।