
কাউনিয়ায় নিজ কন্যাকে ধর্ষণ চেষ্টায় পিতা গ্রেফতার
রংপুর প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় ঘৃণ্য ঘটনায় নিজ কন্যাকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে পিতা আলমগীর হোসেন (৪৮) কে স্থানীয় জনতা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার নিজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
থানা সূত্রে জানা গেছে,আলমগীর হোসেনের মেয়ে আনুশকা হাসি (২০)এর বিয়ে হয় তিন বছর আগে সারাই ইউনিয়নের উদয় নারায়ণ মাছহাড়ী এলাকার নুরুন্নবী মিয়ার সঙ্গে। তবে দেড় বছর আগে স্বামীর সঙ্গে মনোমালিন্য হলে সে বাবার বাড়িতে এসে থাকতে থাকে। এরপর থেকেই পিতা আলমগীর কু-নজর দিতে শুরু করে।
গত ৩১ অক্টোবর সকালে মেয়েকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে আলমগীর। মেয়ের চিৎকারে মা ও প্রতিবেশীরা এগিয়ে এলে সে পালিয়ে যায়। দীর্ঘ এক মাস পলাতক থাকার পর মঙ্গলবার সকালে বাড়িতে ফিরে এলে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে দেয়।
বুধবার সকালে আনুশকা হাসি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে (সংশোধন ২০২৫) মামলাটি দায়ের করে।
কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ জানান, আসামিকে বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।