
মুক্তিযুদ্ধের চেতনা ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামের প্রতীক শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। “You Failed to Kill Abrar Fahad” শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ ও জেলা শিল্পকলা একাডেমি, নারায়ণগঞ্জ, পৃষ্ঠপোষকতা করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ০৭ অক্টোবর ২০২৫,সন্ধ্যা ৭টায়, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে।
প্রধান অতিথি ছিলেন,জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা,জেলা প্রশাসক ও সভাপতি,জেলা শিল্পকলা একাডেমি,নারায়ণগঞ্জ।
আলোচনার মূল প্রতিপাদ্য,বক্তারা বলেন,আবরার ফাহাদ কেবল একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নন,তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশি তরুণ সমাজের এক প্রতিবাদী কণ্ঠস্বর। তার শাহাদাত মুক্তিযুদ্ধের চেতনার নতুন ধারক হয়ে উঠেছে।
তারা আরও উল্লেখ করেন,You Failed to Kill Abrar Fahad”—এই বাক্য আজ বাংলাদেশের প্রতিটি বিবেকবান নাগরিকের মনে জেগে ওঠা এক প্রতিবাদের প্রতীক।
আবরার ফাহাদ সেই তরুণ,যিনি দেশকে ভালোবেসেছেন মায়ের মতো,লালন করেছেন অকৃত্রিম ভালোবাসায়। তিনি নিজের জীবন দিয়ে প্রমাণ করেছেন—দেশের প্রতি সত্যিকারের ভালোবাসা কথায় নয়,কাজে প্রকাশ পায়। আমরা হয়তো তাঁর মতো দেশপ্রেম দেখাতে পারিনি, কিন্তু তাঁর ত্যাগ ও আদর্শ আমাদের জন্য এক অনন্ত প্রেরণা হয়ে থাকবে।
তিনি যে স্বপ্ন দেখেছিলেন,যে আদর্শ বুকে লালন করেছিলেন—তা আগামী প্রজন্মকে আলোকিত করবে। আবরার ফাহাদ কেবল অতীতের এক শহীদ নন, তিনি আগামীর বাংলাদেশ গড়ার অনুপ্রেরণাদাতা এক সত্যিকারের নেতা।
প্রামাণ্যচিত্র প্রদর্শনী:
অনুষ্ঠানে আবরার ফাহাদের জীবন, আদর্শ ও তার মৃত্যু-পরবর্তী সামাজিক প্রতিক্রিয়া নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে গভীর আবেগ ও চিন্তার উদ্রেক করে।

সম্মানিত অতিথির বক্তব্য
প্রধান অতিথি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন,
আবরার ফাহাদ ছিলেন বুদ্ধিবৃত্তিক সাহসের প্রতীক। আধিপত্যবাদ ও অন্যায়ের বিরুদ্ধে তার অবস্থান আজ তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা।
তিনি আরও বলেন,জাতি হিসেবে আমরা যেন ভুলে না যাই—যে কোনো অন্যায়ের প্রতিবাদ করাই প্রকৃত মুক্তিযুদ্ধের চেতনা।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক ও তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সমগ্র আয়োজনটি ছিল শহীদ আবরার ফাহাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও আধিপত্যবাদবিরোধী চেতনার পুনর্জাগরণের প্রতীকী প্রকাশ।