
বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার তারাবো পৌরসভার ৫ নং ওয়ার্ডে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে আয়োজিত এ সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

সমাবেশে সভাপতিত্ব করেন ৫ নং ওয়ার্ড জামায়াত সভাপতি খন্দকার আল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মোহাম্মদ হাফিজুর রহমান।

তিনি বলেন, “জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন নির্বাচনে জনগণের সমর্থন অর্জনের মাধ্যমে আমরা একটি সুশাসিত ও কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে চাই।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ–১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা, জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট ইসরাফিল হোসাইন, রূপগঞ্জ দক্ষিণ থানা আমীর মাওলানা সাইফুল ইসলাম সিরাজী এবং তারাবো পৌরসভার সেক্রেটারি মোহাম্মদ নাজমুল হোসেন।