
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে।
এর আগে গত ২০ সেপ্টেম্বর চৌধুরীবাড়ী বন্ধু কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে মাসুম প্রধান ও সাধারণ সম্পাদক পদে সুমন প্রধান নির্বাচিত হন। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। মোট ২৩৩ জন ভোটারের মধ্যে ২২৯ জন ভোট প্রদান করেন এবং ৪টি ভোট বাতিল হয়।

সভাপতি পদে মাসুম প্রধান চেয়ার প্রতীকে ১৮৭ ভোট পেয়ে বিপুল ভোটে জয়ী হন। সাধারণ সম্পাদক পদে সুমন প্রধান মাছ প্রতীকে ১২২ ভোট পেয়ে নির্বাচিত হন। সহ-সভাপতি পদে আপেল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে মোঃ ইউসুফ জয়লাভ করেন।

নির্বাচনে সাংগঠনিক সম্পাদক মোঃ হাসনাত মৃধা,কোষাধ্যক্ষ মোঃ সাখাওয়াত হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সাব্বির ইসলাম, প্রচার সম্পাদক মোঃ সাইফুল ইসলামসহ একাধিক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হন।
নির্বাচনের সার্বিক কার্যক্রম তদারকি করেন প্রধান নির্বাচন কমিশনার আবুল কাশেম মেম্বার,সহকারী কমিশনার জাহাঙ্গীর হোসেন স্বাধীন,সামসুদ্দিন শেখসহ অন্যান্য সদস্যরা।
ব্যবসায়ীরা আশা করছেন,নবনির্বাচিত কমিটি চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের সার্বিক উন্নয়ন ও ব্যবসায়ীদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।