
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘুমধুম ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে এক লাখ ১০ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার ও ফাতেমা খাতুন (৩৮) নামে এক নারীকে গ্রেফতার করা হয়।
এ সময় নগদ ৪৩ হাজার ৫০০ টাকা ও একটি বাটন মোবাইল সেট জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বান্দরবানের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান ও কক্সবাজার জেলা কার্যালয়ের সম্মিলিত টিম এ অভিযান চালায়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো আসামির ঘরের আলমারি ও খাটের তোশকের নিচ থেকে পাওয়া যায়।
অভিযান শেষে আসামিকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।