
আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলী উপজেলায় জমি নিয়ে পুরনো বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের ঘোপখালী গ্রামে এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হন। আহতদের মধ্যে ৬ জনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘোপখালী গ্রামের তনু হাওলাদারের স্ত্রী জেসমিন বেগম এবং মোতালেব হাওলাদারের ছেলে মো. জামাল হাওলাদার চলতি বছর একই গ্রামের অহিদুল ইসলাম ও ওবায়দুল হাওলাদারের কাছ থেকে ৫০ শতাংশ জমি ক্রয় করে ভোগদখলে ছিলেন। শুক্রবার সকালে জমিতে ধান রোপণের কাজ শুরু করলে, প্রতিবেশী মাসুম আকন ও তার সহযোগীরা ওই জমিকে নিজেদের দাবি করে বাধা দেন।
কথাকাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৭ জন আহত হন। আহতদের মধ্যে রয়েছেন,রেজিনা বেগম (৩৫),আলেয়া বেগম (৫৫),নুরনাহার বেগম (৫০),মারিয়া বেগম (২২),জেসমিন বেগম (৩৫),রেজাউল মীর (১৯),নাঈম (২২)।
আহতদের প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ৬ জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।
গুরুতর আহত জেসমিন বেগম বলেন,আমি এবং জামাল হাওলাদার বৈধভাবে জমি ক্রয় করেছি। আমরা ধান লাগাতে গেলে মাসুম আকনের নেতৃত্বে ৮-১০ জন আমাদের উপর অতর্কিত হামলা করে। আমি এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”
অন্যদিকে, প্রতিপক্ষ মাসুম আকন দাবি করেন,জমিটি আমাদের পৈত্রিক সম্পত্তি। জেসমিন ও জামাল আমাদের না জানিয়ে জমিটি কিনেছেন। আমরা এ নিয়ে আদালতে মামলা করেছি।
প্রশাসনের বক্তব্য,আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন,“ঘটনার বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”