
নোয়াখালীর ছাতারপাইয়া বাজারে খালের ওপর গড়ে উঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান।
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর ছাতারপাইয়া বাজার এলাকায় খালের ওপর গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা বৃহস্পতিবার (২১ আগস্ট) দিনব্যাপী উচ্ছেদ করেছে প্রশাসন।সেনবাগ,সোনাইমুড়ী ও বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে অংশ নেয় সেনাবাহিনী ও পুলিশ।
অভিযানে ছাতারপাইয়া-মানিক মুড়া,ছাতারপাইয়া-কাশিপুর, ছাতারপাইয়া-কানকিরহাট ও ছাতারপাইয়া-বসন্তপুর খালের ওপর গড়ে উঠা দোকানপাটসহ শতাধিক অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। এতে বহুদিন ধরে চলা জলাবদ্ধতা নিরসনের পথ সুগম হয়েছে।
অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো.জাহিদুল ইসলাম,সোনাইমুড়ী সহকারী কমিশনার দ্বীন আল জান্নাত, এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ কাউসারী আক্তার। অভিযানে দুই প্লাটুন সেনাবাহিনীর সদস্য ও বিপুল সংখ্যক পুলিশ অংশগ্রহণ করে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়,অভিযানের আগে অবৈধ দখলদারদের নোটিশ দিয়ে স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছিল। কিন্তু অনেকেই নির্দেশনা না মানায় অভিযান চালিয়ে এসব উচ্ছেদ করা হয়। খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত খাল পরিষ্কার ও পানি চলাচলের পথ উন্মুক্ত করার দাবি জানান।