
দাকোপ প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলার দাকোপ উপজেলার আমির মাওলানা আবু সাঈদ (৫০) নিহত হয়েছেন। শনিবার (১৯ জুলাই) ভোর ৪টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পৌরসভার সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থেকে একটি বাসযোগে জামায়াতের নেতাকর্মীরা ঢাকা অভিমুখে যাত্রা করছিলেন মহাসমাবেশে অংশ নিতে। পথে ভাঙ্গা গোলচত্বর মহাসড়কে বাসটি যাত্রা বিরতি দেয়। এ সময় মাওলানা আবু সাঈদ বাস থেকে নেমে সামনে দাঁড়িয়ে ব্যানার ঠিক করছিলেন। ঠিক তখনই পেছন দিক থেকে ‘রয়েল এক্সপ্রেস’ নামে একটি দ্রুতগামী বাস এসে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
দাকোপ উপজেলার আমির ছাড়াও আহতরা সবাই জামায়াতে ইসলামীর স্থানীয় কর্মী বলে নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মোঃ রকিবুজ্জামান। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহতের মরদেহ দাকোপ উপজেলার চালনা বিল্লালিয়া আলিম মাদ্রাসা ময়দানে নেওয়া হলে সেখানে জানাজায় অংশ নিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত হন। জানাজা শেষে তাকে দাফন করা হয়।