
নিজস্ব প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালেক জুট মিলের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। মঙ্গলবার (২৪ জুন) সকালে কাঁচপুর এলাকায় এই অবরোধের কারণে মদনপুর থেকে শিমরাইল পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়,শ্রমিকরা সকালেই মিল গেট থেকে বের হয়ে মহাসড়কে অবস্থান নেন এবং আধাঘণ্টারও বেশি সময় সড়ক অবরোধ করে রাখেন।এতে সহস্রাধিক যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের তীব্র ভোগান্তিতে পড়তে হয়।
শ্রমিকরা দাবি করেন,”আজকের মধ্যে বকেয়া পরিশোধ করতে হবে। নচেত,ফের আন্দোলনে নামতে বাধ্য হবো।” তাঁরা আরও অভিযোগ করেন, মালিকপক্ষ নোটিশ ছাড়া শ্রমিক ছাঁটাই ও ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে মিল বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে।
খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের আশ্বস্ত করলে তাঁরা সড়ক ছেড়ে দেন এবং যানচলাচল স্বাভাবিক হয়।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের আশস্ত করলে তাঁরা তা মেনে মহাসড়ক থেকে সরে যান। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
মালেক জুট মিলের উপ-মহাব্যবস্থাপক মাকসুদুর রহমান বলেন,”শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হবে,তারা আন্দোলন প্রত্যাহার করেছে।”
সোনারে র্গাঁ জুট মিল,শ্রমিক বিক্ষোভ,ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক,মালেক জুট মিল,শ্রমিক অবরোধ,যানজট,বকেয়া বেতন