
প্রকাশিত: ২২ জুন ২০২৫
স্টাফ রিপোর্টার, পাবনা
পাবনা জেলার দাপুনিয়া ইউনিয়নের পশ্চিম বনোগ্রামের এক ইটভাটা ব্যবসায়ী মোঃ ইমান হোসেন তার সর্বস্ব হারিয়েছেন এক সুদের কারবারির চক্রে। অভিযোগ উঠেছে, টেবুনিয়ার প্রভাবশালী ব্যবসায়ী আলমগীর হোসেন প্রতারণার মাধ্যমে তার জমি ও বসতভিটা নিজের নামে লিখে নিয়েছেন। এ বিষয়ে রোববার (২২ জুন) পাবনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী এ অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে মোঃ ইমান হোসেন জানান, ব্যবসার প্রয়োজনে তিনি আলমগীর হোসেনের কাছ থেকে দাদনের নামে ১৮ লাখ ৮০ হাজার টাকা নেন। এরপর তিনি ২ লাখ ৮০ হাজার টাকা পরিশোধ করলেও, সুদের অজুহাতে আলমগীর হোসেন ১৯ লাখ ৫০ হাজার টাকা দাবি করতে থাকেন। টাকা পরিশোধে বিলম্ব হওয়ায়, অভিযুক্ত আলমগীর ভাড়াটে সন্ত্রাসী দিয়ে ইমান হোসেনের বাড়িতে গিয়ে প্রাণনাশের হুমকি দেন এবং পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখান।
ইমান হোসেন আরও অভিযোগ করেন, হুমকির ভিডিও ধারণ করতে গেলে তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়। একপর্যায়ে প্রতারণার মাধ্যমে বসতভিটাসহ মূল্যবান জমি নিজের নামে লিখে নেন আলমগীর হোসেন।
তিনি সংবাদ সম্মেলনে বলেন, “আমি এখন নিঃস্ব। আমার শেষ আশ্রয়স্থলটুকুও হারিয়েছি। প্রশাসনের কাছে অনুরোধ, আমার জমি ও বসতভিটা যেন ফেরত পাই এবং এই সুদখোরদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হোক।”
এ বিষয়ে অভিযুক্ত আলমগীর হোসেনের বক্তব্য এখনও পাওয়া যায়নি।
পাবনা সুদের ফাঁদ, ইটভাটা ব্যবসায়ী জমি হারাল, সুদখোর চক্র পাবনা, বসতভিটা দখলের অভিযোগ, পাবনা সংবাদ, ইমান হোসেন সংবাদ সম্মেলন