
অতনু চৌধুরী (রাজু)ঃ
বাংলাদেশ ব্যুরো প্রধান বিজনেস প্রতিদিন।
মোংলার সেন্ট পলস্ উচ্চ বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। শনিবার সকাল ১০টায় বাগেরহাট জেলার শ্রেষ্ঠ ঐতিহ্যবাহী মোংলার সেন্ট পলস্ উচ্চ বিদ্যালয়ে এ দিবসটি পালন করা হয়। শেহলাবুনিয়ার মিশন হল রুমে অনুষ্ঠিত শিক্ষক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার জয়ন্ত এন্ড্রু কস্তা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেহলাবুনিয়া ক্যাথলিক চার্চের সহকারী পালক পুরোহিত রিপন সরকার। শুরুতেই মোমবাতি প্রজ্জ্বলন ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্যদিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় দলগত সংগীত। পরে শিক্ষার্থীরা অংশ নেন নৃত্য, কবিতা আবৃত্তি ও সংগীতানুষ্ঠানে। পরে বিজয়ীদের মাঝে উপহার বিতরণ করেন অতিথিরা।
এর আগে শিক্ষক-শিক্ষিকাদেরকেও শুভেচ্ছা উপহার দেয়া হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। তবে ব্যতিক্রম ছিলো এক শিক্ষার্থীর পক্ষ থেকে শিক্ষক-শিক্ষিকাদেরকে ‘টিচার্স ডে’ উপলক্ষে উপহার দেয়ার বিষয়টি। বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র সোয়াইব হোসাইন সায়মন প্রধান শিক্ষকসহ তার ক্লাস টিচাদেরকে এ বিশেষ উপহার দেন। যা বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের নজর কাড়ে। বিগত ৭বছর ধরেই এ দিবসটি পালন করে আসছেন সেন্ট পলস্ উচ্চ বিদ্যালয়। তবে এবারই প্রথম সরকারীভাবে ‘টিচার্স ডে’ পালন করে এ বিদ্যালয় কর্তৃপক্ষ।