
নগর পুলিশ কমিশনার হাসিব আজিজের নির্দেশনায়,চট্টগ্রাম মহানগরীতে অবৈধ ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে চট্টগ্রাম মহানগর পুলিশ। নগরজুড়ে পরিচালিত এই বিশেষ অভিযানে দুই দিনে সহস্রাধিক ব্যাটারিচালিত রিকশা আটক করে ডাম্পিং করা হয়েছে।
নগর পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তারা জানান, এসব রিকশার চালকরা কোন নিয়ম কানুনের তোয়াক্কা করেন না। তাদের নেই কোন প্রশিক্ষণ, দ্রুত গতির ব্যাটারিচালিত রিকশায় নেই কার্যকর ব্রেকিং সিস্টেম। ফলে এসব রিকশা নগরীতে অহরহ দুর্ঘটনা ঘটাচ্ছে।
সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম নগরীতে অবৈধ ব্যাটারিচালিত রিকশা’র দাপটে অসহায় হয়ে উঠে নগরবাসী। বাহনটি বেপরোয়া কোন নিয়ম কানুনের তোয়াক্কা না করে নগরের অলি-গলি থেকে শুরু করে প্রধান সড়ক দাপিয়ে বেড়াচ্ছে প্রতিদিন। এসব রিকশার কারণে একদিকে নগরীতে যেমন যানজট সৃষ্টি হচ্ছে, অপরদিকে একের পর এক দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারী।
চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসিব আজিজ বলেন, চট্টগ্রাম মহানগরীতে অবৈধ ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযানের নির্দেশনা দেওয়া হয়েছে। নগরীর প্রধান সড়কে চলাচলকারী সকল অবৈধ রিকশা আটক করতে পুলিশ দুই দিন ধরে অভিযান অব্যাহত রেখেছে। এরমধ্যে অনেক ব্যাটারিচালিত রিকশা আটক করা হয়েছে। অভিযান চলমান আছে।