
মেহেরপুর প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ড ভ্রমণে গিয়ে উপজেলার কালাপানি নামক এলাকায় ছিনতাইয়ের কবল পড়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার আজান ও জুগিন্দা গ্রামের ৯ যুবক। বুধবার (২৮ ফেব্রুয়ারি), সকালে সীতাকুণ্ড থেকে গাংনী ফিরে ছিনতাইয়ের ঘটনার বর্ণনা দেন, আজান গ্ৰামের ছহিরউদ্দিনের ছেলে নুর ইসলাম (৩৫), ছলেমানের ছেলে সেলিম (৩০), আফসার মাস্টারের ছেলে দোলন (৩৪), সামুর ছেলে হাব্বুর (৩৫), হাসেমের ছেলে জহুরুল (৩১), শওকতের ছেলে রকি (৩০), সানোয়ারের ছেলে কুহেল (৩৮), জুগিন্দা গ্রামের রমজান আলীর ছেলে হিমেল আহমেদ (২৮) ও আব্দুম করিম (কসাই) (৪২)। তারা জানান, গত সোমবার গাংনী থেকে সীতাকুণ্ড ভ্রমণের উদ্দেশ্যে বের হলে সীতাকুণ্ডের কালাপানি নামক স্থানে পৌঁছলে রাত ২ টার দিকে ছিনতাইয়ের কবলে পড়ে। এ ঘটনায় প্রায় ২ লাখ টাকা ও ৭ টি মোবাইল ফোনসহ ব্যাগে থাকা অন্যান্য মালামাল ছিনিয়ে নিয়েছে অস্ত্রধারী ছিনতাইকারীরা।
ভুক্তভোগীরা জানান, চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় পর্যটন স্পট ভ্রমণে মাইক্রোবাসযোগে রওয়ানা দেয় ৯ জন যুবক। সোমবার সকালে নিজ এলাকা থেকে ভ্রমনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে রাত ২টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের কালাপানি এলাকায় পৌঁছলে প্রায় ২০ জনের একটি সন্ত্রাসী দল তাদের গাড়ীর সামনে এসে গতিরোধ করে। এসময় সন্ত্রাসীরা তাদের কে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছ থেকে নগদ ২ লাখ টাকা ও ৭টি মোবাইল ফোনসহ ব্যাগ ছিনিয়ে নেয়। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা। এহেন ঘটনায় স্থানীয় সীতাকুণ্ড মডেল থানার ডিউটি অফিসারকে জানালে তাদের এলাকার অন্তর্ভূক্ত নয় বলে জানান ক্যাম্প ইনচার্জ।