
বরগুনা প্রতিনিধি:
বরগুনা-২ (পাথরঘাটা,বামনা ও বেতাগী) আসনের সাবেক সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিক গোলাম সরোয়ার হিরুর মৃত্যুতে বরগুনার রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
১৯৪৯ সালের ৩০ আগস্ট বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নে জন্মগ্রহণ করেন গোলাম সরোয়ার হিরু। তিনি দীর্ঘদিন বরগুনার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ঐক্যজোটের প্রার্থী হিসেবে বরগুনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি কালমেঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময়ে ইসলামী ঐক্যজোট, বিএনপি, আওয়ামী লীগ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ২০১৩ সালের বরগুনা-২ আসনের উপনির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচন করে দ্বিতীয় স্থান অর্জন করেন। ২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবেও আলোচনায় ছিলেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখায় তিনি সমর্থকদের কাছে একজন জনপ্রিয় ও স্পষ্টভাষী নেতা হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে বরগুনাবাসী একজন অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো বলে মনে করছেন স্থানীয়রা।