
বিশেষ প্রতিনিধি:
অতিরিক্ত পিপি,অতিরিক্ত জিপি ও ১৫ এপিপির পদত্যাগপত্র জেলা প্রশাসকের মাধ্যমে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সিলেট জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত জামায়াত সমর্থিত ১৭ জন সরকারি আইন কর্মকর্তা একযোগে পদত্যাগ করেছেন। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন একজন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি), একজন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এডিশনাল জিপি) এবং ১৫ জন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি)।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে তারা সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের কাছে পদত্যাগপত্র জমা দেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো ওই পদত্যাগপত্রে বর্তমান সরকারের বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদে স্বেচ্ছায় দায়িত্ব ছাড়ার কথা উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল খালিক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান,গণভোট,সংবিধান সংস্কার,‘জুলাই সনদ’ বাস্তবায়নে অনিহা এবং বিচার বিভাগের স্বতন্ত্র সচিবালয় বাতিলের প্রতিবাদে তারা পদত্যাগ করেছেন।
পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো.আলীম উদ্দীন,অতিরিক্ত সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল হুদাসহ ১৫ জন সহকারী পাবলিক প্রসিকিউটর।
পদত্যাগের পর আইনজীবীরা জানান, দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেও বিচার বিভাগের স্বাধীনতা ও সাংবিধানিক সংস্কারের প্রশ্নে প্রতিবাদ জানানোকে তারা নৈতিক দায়িত্ব হিসেবে বিবেচনা করেছেন। তবে সরকারি পদ ছাড়লেও সাধারণ আইনজীবী হিসেবে বিচার ব্যবস্থায় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।