
কুমিল্লা প্রতিনিধি:
পোল্ট্রি খাদ্য ও ওষুধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি কমানো এবং ডিম ও মুরগির ন্যায্যমূল্য নিশ্চিতের দাবিতে কুমিল্লার বুড়িচংয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন পোল্ট্রি ব্যবসায়ী ও প্রান্তিক খামারিরা।
বুধবার (৮ জুলাই) বুড়িচং প্রেস ক্লাবের সামনে বুড়িচং পোল্ট্রি অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. রফিকুল ইসলাম।
মানববন্ধনে বক্তারা বলেন,পোল্ট্রি ফিড ও ওষুধের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে উৎপাদন খরচ বেড়েছে। কিন্তু সেই অনুপাতে ডিম ও মুরগির ন্যায্যমূল্য না পাওয়ায় প্রান্তিক খামারিরা চরম লোকসানের মুখে পড়ছেন। বাজারে সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
বক্তারা সতর্ক করে বলেন,দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে অনেক খামার বন্ধ হয়ে যাবে এবং দেশের পোল্ট্রি শিল্প বড় ধরনের সংকটে পড়বে।
এ সময় তারা পোল্ট্রি খাদ্য ও ওষুধের দাম নিয়ন্ত্রণ, উৎপাদন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিম ও মুরগির ন্যায্যমূল্য নির্ধারণ, বাজারে সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা,সহজ শর্তে ঋণ এবং সরকারি প্রণোদনার দাবি জানান।
মানববন্ধন শেষে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এছাড়া বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমের কাছেও স্মারকলিপির একটি অনুলিপি হস্তান্তর করা হয়।