
ঢাকা | বিশেষ প্রতিনিধি:
জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে গ্রেপ্তারকৃত শ্রমিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি।
গ্রামীণফোনের আন্দোলনকারী শ্রমিক ও সাবেক কর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে শ্রমিক নেতা, সাবেক কর্মকর্তা,অবসরপ্রাপ্ত কর্মচারী এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
বক্তারা বলেন,শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন দমন করতে গ্রেপ্তার ও হয়রানির পথ বেছে নেওয়া হয়েছে, যা সংবিধানপ্রদত্ত অধিকার পরিপন্থী। তারা অবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তি,মামলা প্রত্যাহার এবং শ্রমিকদের বকেয়া ৫ শতাংশ বিলম্ব ভাতা পরিশোধের দাবি জানান।
সমাবেশে আরও বলা হয়,করপোরেট প্রতিষ্ঠানের কাছে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার, শ্রম অধিদপ্তর ও গ্রামীণফোন কর্তৃপক্ষকে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানে এগিয়ে আসতে হবে। অন্যথায় সারাদেশে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনের নেতারা।