
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ):
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঠেরঘাট এলাকায় মাদকবিরোধী অভিযানে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ভারতীয় নেশাজাতীয় ১ হাজার ১০৭ বোতল‘ইস্কাফ’সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
বুধবার (৮ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাছিমপুর গ্রামের সামসুদ্দিনের ছেলে মো.ফারুক আহমেদ (৩৫)কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রূপসী-কাঞ্চন সড়কের মঠেরঘাট এলাকায় একটি পাথরবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১২-৭৭৫৬) থেকে বস্তাভর্তি‘ইস্কাফ’সিরাপ একটি সিএনজি চালিত অটোরিকশায় (নারায়ণগঞ্জ-থ-১১-৫২০০) তোলার সময় অভিযান চালানো হয়। এ সময় ফারুক আহমেদকে গ্রেপ্তার করা হলেও তার সঙ্গে থাকা আরও ৭-৮ জন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
পুলিশের দাবি, পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদক,চাঁদাবাজি,সন্ত্রাসী কর্মকাণ্ড ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান,এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত ফারুক আহমেদকে আদালতের মাধ্যমে নারায়ণগঞ্জে পাঠানো হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।