
প্রতিবেদক: ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধের জেরে সংঘটিত মোমিন হত্যা মামলার পলাতক আসামি শাহিনকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ মে দড়িকান্দি সিএনজি স্ট্যান্ডে অটোরিকশার সিরিয়াল নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে শাহিন নিহত মোমিনকে মারধর করেন। গুরুতর আহত মোমিনকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ মে তিনি মারা যান।
মোমিনের মৃত্যুর পর পূর্বের মারামারি ও চুরির মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়। এরপর থেকেই আসামি শাহিন আত্মগোপনে ছিলেন।
অবশেষে অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) দীপংকর ঘোষের সার্বিক তত্ত্বাবধানে এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ারের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ৩ জুলাই রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে মেঘনা থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহিন মামলার ঘটনার বিষয়ে তথ্য দিয়েছেন এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আগ্রহ প্রকাশ করেছেন। এ কারণে তাকে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।