
লামা-আলীকদম প্রতিনিধি:
সরকারি সার্ভেয়ারের মাধ্যমে জমি পরিমাপ,স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ।
বান্দরবানের লামা উপজেলায় কোয়ান্টাম বৃদ্ধাশ্রমের জমি নিয়ে চলমান সীমানা বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগে জরুরি শালিসী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) লামা থানায় অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষের মধ্যে শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে চার দফা সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বৈঠকে লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাসুম সরদারের সভাপতিত্বে উভয় পক্ষ তাদের বক্তব্য উপস্থাপন করেন। কোয়ান্টাম ফাউন্ডেশন এবং বিরোধের অপর পক্ষের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।
গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী,বিরোধপূর্ণ জমিতে কোনো নতুন স্থাপনা নির্মাণ বা সীমানা পরিবর্তন করা যাবে না। বর্তমান দখলীয় অবস্থা বজায় রাখতে হবে এবং শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় সবাইকে সহযোগিতা করতে হবে।
এছাড়া কোয়ান্টাম ফাউন্ডেশনকে নিয়ে টানানো উসকানিমূলক ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে সরকারি সার্ভেয়ারের মাধ্যমে জমি পরিমাপ করে প্রকৃত সীমানা নির্ধারণ করা হবে এবং সেই সিদ্ধান্ত উভয় পক্ষকে মেনে চলতে হবে।
প্রশাসনের পক্ষ থেকে জয়নাল আবেদীন (জানু মেম্বার)-কে সমন্বয় ও মধ্যস্থতার দায়িত্ব দেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত সবাই আশা প্রকাশ করেন, প্রশাসনের তত্ত্বাবধানে সরকারি নিয়ম অনুসরণ করে বিরোধের স্থায়ী ও গ্রহণযোগ্য সমাধান সম্ভব হবে।