
নিজস্ব প্রতিবেদক:মোঃ হ্যাপি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি শিল্পপ্রতিষ্ঠানে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে ডাকাতির ঘটনায় লুট হওয়া গুরুত্বপূর্ণ মালামালও উদ্ধার করা হয়েছে।
গত ১২ জুন রূপগঞ্জের তারাবো পৌরসভার বরাবো বাজার এলাকায় অবস্থিত নিপুন সিন্থেটিক লেদার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে সংঘবদ্ধ ডাকাত দল হামলা চালিয়ে কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে ডাকাতি সংঘটিত করে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের পর তদন্তে নামে পুলিশ।
রূপগঞ্জ থানার ওসি এ.আইচ. এম সালাউদ্দিনের পরিকল্পনায় এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুকান্ত বাউলের নেতৃত্বে গঠিত বিশেষ আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম মহানগর এলাকায় অভিযান পরিচালনা করে।
পাহাড়তলী ও আকবরশাহ থানা পুলিশের সহযোগিতায় অভিযানে সরাসরি ডাকাতির সঙ্গে জড়িত মো.মুরাদ ও মো. রাসেলকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি এয়ার কম্প্রেশার মেশিন ও দুটি পানির পাম্প উদ্ধার করা হয়,যা ডাকাতির ঘটনায় লুণ্ঠিত হয়েছিল।
পুলিশ জানিয়েছে, আদালতের অনুমতিক্রমে গ্রেফতারকৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।