
টেকনাফ প্রতিনিধি।
কক্সবাজারের সাঁইথিয়া মার্টিনস আইল্যান্ড সংলগ্ন পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মায়ানমার থেকে চোরাচালানকৃত প্রায় ৩২ কোটি ২৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ বিদেশি কারেন্ট জালসহ ৬ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (২২ জুন) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,গত ২০ জুন শনিবার রাত ১১টার দিকে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহভাজন বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে দ্রুত গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে বোটটি আটক করতে সক্ষম হয়।
আটক বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২১ লাখ ৫০ হাজার মিটার অবৈধ বিদেশি কারেন্ট জাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩২ কোটি ২৫ লাখ টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড। একই সঙ্গে চোরাচালানের সঙ্গে জড়িত ৬ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন নাজির হোসেন (৪৫),নবির উদ্দিন (৪৯),রবিউল আলম (৩৫),ইদরিস (৩৬),সামসুল আলম (২৮) এবং আব্দুল আজিজ (২৭)।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত কারেন্ট জাল,চোরাচালানে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড আরও জানায়,সমুদ্রপথে চোরাচালান প্রতিরোধ, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশের মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।