
মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করে জ্ঞানভিত্তিক ও দক্ষ প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে মুন্সিগঞ্জ স্কলারস ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬
বর্ণাঢ্য এ আয়োজনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,অভিভাবক, শিক্ষক ও বিশিষ্টজনদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ স্কলারস ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ডা.এম.মুজাহেরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা সাঈদুল ইসলাম,ভাইস চেয়ারম্যান ডা.মোহাম্মদ সুজন শরীফ এবং উপদেষ্টা ফখরুদ্দিন রাজি। অনুষ্ঠান সঞ্চালনা করেন এস.এম.জাহিদ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন,বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে শিক্ষার্থীদের শুধু একাডেমিক সাফল্য নয়, নৈতিক মূল্যবোধ,নেতৃত্বগুণ ও মানবিক চেতনায়ও সমৃদ্ধ হতে হবে। তারা শিক্ষার্থীদের অধ্যবসায়,সততা ও দেশপ্রেমের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
উল্লেখ্য,মুন্সিগঞ্জ স্কলারস ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা ২০২৫ সালের ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। কঠোর মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে ৯৮ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল,দ্বিতীয় গ্রেড ও সাধারণ গ্রেডে বৃত্তি অর্জনের গৌরব লাভ করে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র, ক্রেস্ট ও বৃত্তির অর্থ তুলে দেওয়া। সম্মাননা গ্রহণের মুহূর্তে শিক্ষার্থীদের উচ্ছ্বাস এবং অভিভাবকদের গর্ব অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে বক্তারা বলেন,শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মুন্সিগঞ্জ স্কলারস ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষা উন্নয়ন, মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি প্রদান এবং শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে।
শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হওয়া এ আয়োজন মুন্সিগঞ্জের শিক্ষাঙ্গনে নতুন অনুপ্রেরণার সঞ্চার করেছে। আয়োজকরা জানান, আগামী দিনগুলোতেও শিক্ষার মানোন্নয়ন এবং মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে ফাউন্ডেশনের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।
মেধা,মনন ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ ভবিষ্যৎ প্রজন্ম গঠনের লক্ষ্যে মুন্সিগঞ্জ স্কলারস ফাউন্ডেশনের এই উদ্যোগ জেলার শিক্ষাক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।