
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থিত জেলা কালেক্টরেট মসজিদের পুনঃসংস্কার কাজের অংশ হিসেবে ছাদের আরসিসি ঢালাই কাজ সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৫ মে ২০২৬) জুম্মার নামাজের পর সরেজমিনে ঢালাই কাজ পরিদর্শন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
এর আগে বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৯টায় মসজিদের ছাদের ঢালাই কাজের উদ্বোধন করেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সিফাত উদ্দিন। সরকারি গুরুত্বপূর্ণ কাজে ঢাকায় অবস্থান করায় জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের পক্ষে তিনি উদ্বোধনী কার্যক্রম সম্পন্ন করেন।
জানা যায়,গত ১ মে শুক্রবার জুম্মার নামাজের পর জেলা কালেক্টরেট মসজিদের পুনঃসংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,মসজিদের ইমাম ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,মসজিদের দ্বিতীয় তলার কিছু অংশ আগে আরসিসি ঢালাই করা হলেও বাকি অংশ টিনশেড ছিল। দীর্ঘদিন ব্যবহারের ফলে টিনে মরিচা ধরে ছিদ্র হয়ে যায়। এতে সামান্য বৃষ্টিতেই দ্বিতীয় তলায় পানি পড়ে মুসল্লিদের নামাজ আদায়ে চরম ভোগান্তি সৃষ্টি হতো।
এ পরিস্থিতিতে জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের উদ্যোগে এবং নারায়ণগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে মসজিদটির সংস্কার কাজ শুরু হয়। পুরোনো টিন অপসারণ করে পুরো দ্বিতীয় তলা আরসিসি ঢালাইয়ের আওতায় আনা হয়েছে। ফলে এখন বৃষ্টির সময়ও মুসল্লিরা নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন,
“গতকাল সরকারি গুরুত্বপূর্ণ কাজ থাকায় ঢালাই কাজের উদ্বোধনে উপস্থিত থাকতে না পারায় আমি আন্তরিকভাবে দুঃখিত। কালেক্টরেট মসজিদে প্রতিদিন জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ অসংখ্য মুসল্লি নামাজ আদায় করেন। বৃষ্টির সময় তাদের ভোগান্তি আমাদের ব্যথিত করেছিল। আল্লাহর ঘরের খেদমত করা আমাদের নৈতিক দায়িত্ব। দ্রুততম সময়ে মানসম্মতভাবে কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ,সেই নির্দেশনা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যেই ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে।
তিনি আরও বলেন,জেলা প্রশাসন জনগণের ধর্মীয় ও সামাজিক প্রয়োজন পূরণে সবসময় কাজ করে যাবে। মসজিদের বাকি কাজও দ্রুত সম্পন্ন করে পুরোপুরি ব্যবহার উপযোগী করা হবে।
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মুসল্লিরা জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আলীনুর খান, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, এনডিসি মোহাম্মদ শাহরিয়ার পারভেজসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, স্থানীয় মুরুব্বী, মসজিদের ইমাম ও মুতয়াল্লীরা।