
বিশেষ প্রতিবেদক:
বাংলাদেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গত এক দশক ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তরুণ সমাজকর্মী ও জলবায়ু আন্দোলনের সংগঠক আরিফুর রহমান শুভ। বিশেষ করে দীর্ঘদিন ধরে অবহেলিত ও ভূমিহীন “মানতা” জনগোষ্ঠীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবিক নিরাপত্তা নিশ্চিতে তার অবদান ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে।
সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে ব্যক্তি উদ্যোগ ও সংগঠনের প্ল্যাটফর্ম ব্যবহার করে ধারাবাহিকভাবে নানা মানবিক কার্যক্রম পরিচালনা করছেন তিনি। আরিফুর রহমান শুভ আন্তর্জাতিক যুব সংগঠন ইয়ুথনেট গ্লোবাল-এর সহ-প্রতিষ্ঠাতা ও বর্তমান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তার নেতৃত্বে গড়ে উঠেছে,ইকো অলিম্পিয়াড,যা বর্তমানে দেশের ৬৪ জেলায় পরিবেশ ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে।
নদী ও জলাভূমি নির্ভর মানতা সম্প্রদায় যুগের পর যুগ শিক্ষা,স্বাস্থ্যসেবা,ভূমির অধিকার ও নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এই বাস্তবতায় তাদের জীবনমান উন্নয়নে আরিফুর রহমান শুভ গ্রহণ করেছেন একাধিক বাস্তবধর্মী উদ্যোগ।
নিরক্ষরতা দূরীকরণে পরিচালনা করেছেন সাক্ষরতা ক্যাম্পেইন, যার মাধ্যমে বহু মানতা নারী-পুরুষ শিক্ষার আলোয় এসেছে। একই সঙ্গে মানতা শিশুদের মূলধারার শিক্ষায় সম্পৃক্ত করতে বিশেষ শিক্ষা কর্মসূচি চালুর উদ্যোগও নিয়েছে তার প্রতিষ্ঠান।
শুধু শিক্ষা নয় মানবিক সহায়তার ক্ষেত্রেও তিনি রেখে চলেছেন অনন্য অবদান। মৃত্যু-পরবর্তী দাফনের জন্য জমির ব্যবস্থা, কাফনের খাটিয়া প্রদান,শীতবস্ত্র বিতরণ,প্রতিবছর কুরবানির আয়োজন এবং মাসব্যাপী খাদ্য সহায়তা কার্যক্রম নিয়মিত পরিচালনা করছেন তিনি।
জীবিকা উন্নয়নের লক্ষ্যে অসহায় পরিবারগুলোর মাঝে নৌকা বিতরণ ও মাছ ধরার জাল প্রদান করে বিকল্প আয়ের পথও তৈরি করেছেন। এর ফলে অনেক মানতা পরিবার নতুনভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পেয়েছে।
সামাজিক উন্নয়নের পাশাপাশি জলবায়ু আন্দোলনেও সক্রিয় ভূমিকা রাখছেন আরিফুর রহমান শুভ। জলবায়ু ন্যায়বিচার, নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশ সংরক্ষণে তরুণদের সম্পৃক্ত করতে তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করে যাচ্ছেন।
তার কাজের স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ইয়ং এক্টিভিসেস সামিটি 2024-এ অংশগ্রহণের সুযোগ পান তিনি। সেখানে বাংলাদেশের তরুণ সমাজ ও প্রান্তিক জনগোষ্ঠীর বাস্তব চিত্র আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরেন।
স্থানীয় পর্যায়ে সামাজিক উন্নয়ন,মানবিক সহায়তা ও পরিবেশ আন্দোলনে তার ধারাবাহিক উদ্যোগ ইতোমধ্যে তরুণ সমাজের কাছে অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে। সংশ্লিষ্টদের মতে, প্রান্তিক মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় আরিফুর রহমান শুভর মতো তরুণদের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।