
নিজস্ব প্রতিবেদক:
পরিবেশ দূষণ ও অনিয়মের অভিযোগে ‘ফুডল্যান্ড প্রোডাক্টস-এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান।
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি কারখানার বিরুদ্ধে অভিযান চালিয়ে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সোমবার (৪ মে) পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি),ফতুল্লা সার্কেলের মোহাম্মাদ আসাদুজ্জামান নূর।
অভিযানে জেলা পুলিশ,ডিপিডিসি (ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি),তিতাস গ্যাস এবং পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন, যা অভিযানের গুরুত্ব ও সমন্বিত কার্যক্রমকে আরও জোরালো করে তোলে।
অভিযান সূত্রে জানা যায়,ফতুল্লার সাইনবোর্ড এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিপরীতে ১৩৯ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত‘ফুডল্যান্ড প্রোডাক্টস’নামক কারখানায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে কার্যক্রম পরিচালিত হচ্ছিল। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি পরিবেশগত ছাড়পত্র ছাড়াই উৎপাদন চালিয়ে আসছিল এবং স্থানীয় পরিবেশের জন্য হুমকি সৃষ্টি করছিল।
এ সময় ভ্রাম্যমাণ আদালত কারখানাটির বিদ্যুৎ সংযোগ তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করে এবং গ্যাস মিটার খুলে নিয়ে যায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। ফলে কারখানার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান,পরিবেশ দূষণকারী ও অবৈধভাবে পরিচালিত শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে তারা সকল শিল্প মালিককে বৈধ কাগজপত্র ও পরিবেশগত অনুমোদন নিশ্চিত করার আহ্বান জানান।