
রিপোর্টার:ঢাকা,২৭ এপ্রিল ২০২৬।
রাজধানীর দক্ষিণাঞ্চলের অবকাঠামোগত উন্নয়নে নতুন মাইলফলক স্থাপন করলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। দীর্ঘদিনের কাঁচা রাস্তার দুর্ভোগ লাঘবে দক্ষিণগাঁও, নন্দীপাড়া ও নেয়াজবাগ এলাকায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে।
সোমবার (২৭ এপ্রিল) ডিএসসিসির অঞ্চল-৬ এর আওতাধীন এসব এলাকায় আনুষ্ঠানিকভাবে উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, এমপি।
ডিএসসিসির নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত এই প্রকল্পের আওতায় দক্ষিণগাঁওয়ের ৬নং রোডে বাড়ি নং ৩৫/৪/এফ থেকে আশরাফুল হক সুমনের বাড়ি পর্যন্ত ১৬ ফুট প্রশস্ত আধুনিক সড়ক নির্মাণ করা হবে। একইসঙ্গে নন্দীপাড়ায় রমজান সাহেবের বাড়ি থেকে বাইতুল আবরার জামে মসজিদ পর্যন্ত সড়ক উন্নয়ন এবং নেয়াজবাগ এলাকার ১৩ নম্বর কাঁচা রাস্তার উন্নয়ন কাজও সম্পন্ন করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মোঃ আবদুস সালাম বলেন, পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন অন্তর্ভুক্ত এলাকাগুলোতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সাময়িক কিছু ত্যাগ স্বীকার করতে হলেও এর সুফল দীর্ঘমেয়াদে বহুমাত্রিক হবে।তিনি আরও জানান,এই উন্নয়ন কাজের ফলে জীবনযাত্রার মান উন্নত হওয়ার পাশাপাশি সম্পত্তির মূল্যও বৃদ্ধি পাবে।
তিনি বর্ষা মৌসুম সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। ড্রেন ও খালে ময়লা ফেলা থেকে বিরত থাকা এবং বাসাবাড়ির আশপাশে পানি জমতে না দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ডিএসসিসি ইতোমধ্যে খাল,ড্রেন ও বক্স কালভার্ট পরিষ্কারে বড় ধরনের কার্যক্রম হাতে নিয়েছে এবং দীর্ঘমেয়াদে পানি নিষ্কাশনের জন্য নদীমুখী আউটলেট নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, উন্নয়ন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়—এটি সমগ্র জনগণের কল্যাণে নিবেদিত। তিনি ঢাকা-৯ আসনের উন্নয়ন কার্যক্রমকে জাতীয় উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে উল্লেখ করেন এবং মশক নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির চলমান উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠানে ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা,স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, এই উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং দক্ষিণগাঁও-নন্দীপাড়া-নেয়াজবাগ এলাকা আধুনিক নগর সুবিধার আওতায় আরও সুসংহতভাবে যুক্ত হবে।