
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগে গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে বালু নদে কেওঢালা সেতুর নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু এই নির্মাণকাজের উদ্বোধন করেন।
ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার সীমানাবর্তী রূপগঞ্জ উপজেলার ডেমরা-কামশাইর সড়কে অবস্থিত কেওঢালা এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, প্রকৌশলী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকল্পের বিস্তারিত
পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (প্রথম সংশোধিত) প্রকল্পের আওতায় প্রায় ৯৭ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এই সেতু।
দৈর্ঘ্য: ৬২৫.৩৬ মিটার
প্রস্থ: ১২ মিটার
স্প্যান: ২৩টি
পাইল: ১৬৮টি
পিয়ার: ২২টি
গার্ডার: ৮৬টি
অ্যাপ্রোচ সড়ক: ৬২৫.৫৪৯ মিটার।
জমি অধিগ্রহণ: ৫.৯২৫৬ একর।
প্রকল্পটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান SEL-KBL-UCC JV এবং অর্থায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। সেতুর নির্মাণকাজ ২০২৭ সালের ২৮ এপ্রিলের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতি
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা নির্বাহী প্রকৌশলী মো. আহসানুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
এলাকার মানুষের জন্য গুরুত্ব
বালু নদে নির্মিত এই সেতুটি চালু হলে ঢাকা ও নারায়ণগঞ্জের মধ্যে সড়ক যোগাযোগ সহজ হবে। বিশেষ করে রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নসহ আশপাশের এলাকার মানুষ দ্রুত ও নিরাপদ যাতায়াত সুবিধা পাবে। ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
উন্নয়নের নতুন দিগন্ত
স্থানীয়দের মতে,দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে এই সেতুর মাধ্যমে। এটি বাস্তবায়িত হলে ডেমরা-কামশাইর সড়ক হয়ে রাজধানীর সঙ্গে সংযোগ আরও শক্তিশালী হবে,যা সামগ্রিকভাবে পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আনবে।