
নারায়ণগঞ্জ থেকে:
পাটপণ্যের বহুমুখীকরণে রপ্তানি বাড়বে,বস্ত্র ও পাটমন্ত্রী।
পাটপণ্যের বহুমুখীকরণের মাধ্যমে দেশের রপ্তানি আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা সম্ভব বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শনিবার (২৫ এপ্রিল) নারায়ণগঞ্জের জিয়া হল প্রাঙ্গণে বহুমুখী পাটপণ্য মেলা–২০২৬ উদ্বোধনকালে তিনি বলেন, শুধু কাঁচা পাট নয়, জুট ডাইভারসিফাইড প্রোডাক্ট উৎপাদন বাড়াতে পারলে বাংলাদেশ বৈশ্বিক বাজারে আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে।
তিনি আরও বলেন,পাটপণ্য উৎপাদনে মূল্য সংযোজন বেশি হওয়ায় এটি দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।
সরকারি উদ্যোগের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, পাটবীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য বিশেষ কর্মসূচি চালু রয়েছে। একই সঙ্গে পরিবেশ সুরক্ষায় সরকারি দপ্তরে পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানো হচ্ছে, যাতে পলিথিনের বিকল্প তৈরি হয়।
জ্বালানি মূল্যবৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন,বাস্তবে পরিবহন খরচে এর প্রভাব সীমিত হলেও বাজারে গুজবের কারণে অনেক সময় পণ্যের দাম বেড়ে যায়।
রপ্তানি খাতে মন্দাভাব নিয়ে তিনি বলেন, বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির কারণে এই চাপ তৈরি হয়েছে। তবে সরকার গ্যাস সরবরাহ বৃদ্ধি ও কম জ্বালানিনির্ভর শিল্পে বিনিয়োগ বাড়াতে কাজ করছে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মো.শরীফুল আলমসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।