
প্রতিবেদক:-মোহাম্মদ হোসেন হ্যাপী।
নারায়ণগঞ্জ শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দল,সুশীল সমাজ ও সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আব্দুল করিম।
শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সির নির্দেশনায় শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবৈধ দখল উচ্ছেদ ও যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। টিআই আব্দুল করিমের নেতৃত্বে গলাচিপা মোড় থেকে চাষাড়া মোড় পর্যন্ত এ অভিযান চালানো হয়।
অভিযানের অংশ হিসেবে সড়কে শৃঙ্খলাবদ্ধ যান চলাচল নিশ্চিত করতে চাষাড়া থেকে বিবি রোড পর্যন্ত নজরদারি জোরদার করা হয়। এসময় অবৈধভাবে পার্কিং করা গাড়ির বিরুদ্ধে মামলা করা হয় এবং বেশ কয়েকটি যানবাহন আটক করা হয়। পাশাপাশি ফুটপাতে বসা অবৈধ দোকান উচ্ছেদ করে পথচারীদের চলাচল স্বাভাবিক করা হয়।
অভিযান শেষে গণমাধ্যমকে টিআই আব্দুল করিম জানান, “সাধারণ মানুষের সুবিধার কথা বিবেচনা করেই আমরা এই উদ্যোগ নিয়েছি। সুশীল সমাজ,রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় ফুটপাত এখন অনেকটাই দখলমুক্ত। মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারছে।
তিনি আরও বলেন,যানজট পুরোপুরি কমে না আসার পেছনে তেল সংকট একটি বড় কারণ। পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনের কারণে অনেক সময় কৃত্রিম যানজট তৈরি হয়। তবুও আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি এবং বর্তমানে ফুটপাতে কোনো হকার বসতে দেওয়া হচ্ছে না।
তিনি সকলের সহযোগিতা কামনা করে বলেন,আমরা কাউকে দোষারোপ করতে চাই না। সকলের সম্মিলিত প্রচেষ্টায় যেমন অবৈধ দখল উচ্ছেদ সম্ভব হয়েছে,তেমনি যানজট সমস্যাও সমাধান করা সম্ভব। নারায়ণগঞ্জবাসীর স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
এসময় ট্রাফিক ইন্সপেক্টর হানিফ,ট্রাফিক ইন্সপেক্টর শাহাদাতসহ পুলিশ প্রশাসনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।