
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পৌরসভার নোয়াপাড়া এলাকায় এক অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (১৫ এপ্রিল) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লোকমান হোসেন জানান,রাত আনুমানিক ১টার দিকে ১৫-২০ জনের একটি সশস্ত্র ডাকাত দল তার দোতলা বাড়ির কেচি গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা বড় ছুরি ও ধারালো অস্ত্র প্রদর্শন করে তার স্ত্রী ও দুই মেয়েকে জিম্মি করে ফেলে।
ডাকাত দলটি বাড়ির তিনটি কক্ষে তাণ্ডব চালিয়ে তছনছ করে। তারা প্রায় ৩ ভরি স্বর্ণালংকার, নগদ ২০ হাজার টাকা এবং অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
লোকমান হোসেন আরও বলেন,ডাকাতদের হাতে ধারালো অস্ত্র থাকায় আমরা কেউ কোনো প্রতিরোধ করতে পারিনি। পুরো ঘটনাটি খুব অল্প সময়ের মধ্যেই ঘটে যায়।
ঘটনার বিষয়ে আড়াইহাজার থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আলাউদ্দিন জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।