
মোঃ সুমন, বিভাগীয় ব্যুরো | জামালপুর।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সারাদেশের মতো জামালপুরেও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩ ও পহেলা বৈশাখ। জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ করা হয়।
জানা যায়, জামালপুর জেলা প্রশাসন-এর আয়োজনে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শহরের বকুলতলা এলাকা থেকে শুরু হয়ে জামালপুর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন, জেলা প্রশাসক মুহাম্মদ ইউসুপ আলী এবং পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরেন।
বৈশাখী শোভাযাত্রায় গ্রামবাংলার ঐতিহ্য, লোকজ সংস্কৃতি ও বাঙালির চিরচেনা জীবনচিত্র ফুটে ওঠে। রঙিন মুখোশ, পুতুল,গ্রামীণ উপকরণ ও বৈশাখের প্রতীক কৃষ্ণচূড়া শোভাযাত্রাকে করে তোলে প্রাণবন্ত।
বক্তারা বলেন, পহেলা বৈশাখ শুধু নতুন বছরের সূচনা নয়, এটি বাঙালির সংস্কৃতি,ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। বৈশাখের আগমনে যেমন প্রকৃতি নতুন রূপে সেজে ওঠে, তেমনি মানুষের মনেও জাগে নতুন আশার সঞ্চার।
জামালপুরে এই আয়োজন ঘিরে সাধারণ মানুষের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। উৎসবমুখর পরিবেশে পরিবার-পরিজন নিয়ে মানুষ অংশ নেয় বর্ষবরণ অনুষ্ঠানে।
নববর্ষকে স্বাগত জানিয়ে সবাই আশা প্রকাশ করেন—নতুন বছর বয়ে আনবে সুখ, শান্তি ও সমৃদ্ধি।