
নিজস্ব প্রতিনিধি:ঢাকা,০৫ এপ্রিল ২০২৬।
র্যাব ফোর্সেসের সাম্প্রতিক অভিযানে ৩ মাসে সাড়ে ৩ হাজারের বেশি গ্রেফতার। অস্ত্র,মাদক,হত্যা ও বিভিন্ন অপরাধ দমনে উল্লেখযোগ্য সাফল্য তুলে ধরলেন মহাপরিচালক।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) গত তিন মাসে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৩ হাজার অপরাধীকে গ্রেফতার করেছে। অস্ত্র উদ্ধার,হত্যা মামলা, মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যের কথা জানিয়েছেন র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মোঃ আহসান হাবীব পলাশ।
রাজধানীর কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।
র্যাবের মহাপরিচালক বলেন,প্রতিষ্ঠালগ্ন থেকেই বাহিনীটি হত্যা,সন্ত্রাস,চাঁদাবাজি, অপহরণ,প্রতারণা ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
অস্ত্র উদ্ধার ও গ্রেফতার
গত তিন মাসে অস্ত্রবিরোধী অভিযানে ৩৩১টি অস্ত্র উদ্ধার এবং ১০৪ জনকে গ্রেফতার করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জের সলঙ্গা,মুন্সিগঞ্জের শ্রীনগর ও রাজধানীর রূপনগরে পরিচালিত অভিযানগুলো ছিল উল্লেখযোগ্য।
সীতাকুণ্ডে অভিযানে হামলা
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চলাকালে সন্ত্রাসীদের হামলায় র্যাব সদস্য ডিএডি মোতালেব হোসেন নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় ২৯ জনকে আসামি করা হয়। পরবর্তীতে যৌথ অভিযানে র্যাব ও পুলিশ ২০ জনকে গ্রেফতার করে।
হত্যা মামলায় ব্যাপক গ্রেফতার
গত ৯০ দিনে হত্যা সংক্রান্ত মামলায় ৪৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ঝিনাইদহ ও মাদারীপুরে পরিচালিত অভিযানগুলো এ ক্ষেত্রে উল্লেখযোগ্য।
অন্যান্য অপরাধে অভিযান
এছাড়া তিন মাসে,ধর্ষণ মামলায় অভিযুক্ত প্রায় ১৭৫ জন
ছিনতাইকারী ৬১ জন,ডাকাত ১০৬ জন,মানবপাচারকারী,২৬ জন,পর্নোগ্রাফি মামলায় ৩৪৭৩ জন,মাদক মামলায় ১১১৫ জন।
র্যাব মহাপরিচালক বলেন,আইনের শাসন প্রতিষ্ঠা,মানবাধিকার রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও আরও জোরালোভাবে অভিযান পরিচালনা করা হবে। একইসঙ্গে অপরাধ প্রতিরোধ ও অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাবের কার্যক্রম অব্যাহত থাকবে।
সভায় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন।