
নারায়ণগঞ্জ,৫ এপ্রিল ২০২৬।
নগরজীবনের নিত্যভোগান্তি—যানজট,হকার দখল,জলাবদ্ধতা ও ডেঙ্গু পরিস্থিতি—সমাধানে ১৪ দফা দাবি তুলে ধরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ মহানগর শাখা স্মারকলিপি দিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন-এর প্রশাসকের কাছে।
শনিবার (৪ এপ্রিল) মহানগর এনসিপির আহ্বায়ক শওকত আলী-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নগর ভবনে গিয়ে প্রশাসক সাখাওয়াত হোসেন খান-এর হাতে স্মারকলিপি তুলে দেয়।
নারায়ণগঞ্জ শহরের প্রধান দুটি সমস্যা—যানজট ও ফুটপাত দখল করে হকারদের আধিপত্য—প্রতিদিন নাগরিকদের দুর্ভোগ বাড়াচ্ছে। এর সঙ্গে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং ডেঙ্গুর প্রাদুর্ভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
এনসিপির দাবি,এসব সমস্যা দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতার কারণে তীব্র আকার ধারণ করেছে, যা দ্রুত সমাধান না হলে নগরজীবন আরও বিপর্যস্ত হবে।
প্রশাসকের প্রতিক্রিয়া,সবাই সমান,প্রভাবমুক্ত কাজের চেষ্টা
স্মারকলিপি গ্রহণের সময় প্রশাসক সাখাওয়াত হোসেন খান নাগরিক সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।
তিনি বলেন,দায়িত্ব নেওয়ার পর থেকেই দলীয় প্রভাব কমাতে নির্দেশ দেওয়া হয়েছে। আমার কাছে সবাই সমান—কোনো দল দেখি না,কাউকে অবৈধ সুবিধাও দেওয়া হবে না।
এছাড়া নগরকে বাসযোগ্য করতে সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেন তিনি এবং নাগরিক সেবা সহজীকরণে গুরুত্বারোপ করেন।
এনসিপির দেওয়া দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য,
ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন ও জমে থাকা পানি অপসারণ,
আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু,
সুপেয় পানি সরবরাহ ও ড্রেনেজ উন্নয়ন,
টেকসই ড্রেনেজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন,
টিসিবি কার্ড বিতরণে স্বচ্ছতা,
সড়কে পর্যাপ্ত আলো ও নিরাপত্তা টহল বৃদ্ধি,
অনলাইন ওয়ান-স্টপ নাগরিক সেবা চালু,
ফুটপাত দখলমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান,
অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন,
কাঁচাবাজার পুনর্বিন্যাস,
কর ব্যবস্থায় স্বচ্ছতা,
অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণ ও ট্রাফিক শৃঙ্খলা,
নির্ধারিত সময়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন,
প্রতিটি ওয়ার্ডে সেবা সমন্বয় কমিটি গঠন,
আন্দোলনের হুঁশিয়ারি।
এনসিপি নেতা শওকত আলী বলেন,
দাবিগুলো বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে নাগরিক অধিকার আদায়ে গণতান্ত্রিক ও আইনানুগ কর্মসূচি নেওয়া হবে।
একই সঙ্গে দ্রুত সিটি কর্পোরেশন নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।