
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে র্যাব-১১ এর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় পৃথক অভিযানে রূপগঞ্জ থেকে অস্ত্রের ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।
র্যাব-১১ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪ এপ্রিল ২০২৬) ভোর সাড়ে ৪টার দিকে সোনারগাঁও উপজেলার চেঙ্গাইল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০২৩ বোতল ফেনসিডিল,২৬ কেজি গাঁজা,একটি বিদেশি মদের বোতলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি ও দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটকরা হলেন— ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ভন্ডবাসা এলাকার সুজন মোল্লা (২১) এবং নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বাসটেকি এলাকার জাবেদ (৩৫)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানায়,আটকরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে কৌশলে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।
এদিকে,একই দিনে রাত ২টার দিকে রূপগঞ্জ উপজেলার মাসুমপুর এলাকায় পৃথক আরেকটি অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুইটি পিস্তলের ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়,আটককৃতদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত ম্যাগাজিন ও গুলি রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।