
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
আগে থেকে কোনো প্রকার নোটিশ ছাড়াই নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে এসে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল। নির্ধারিত অফিস সময়ে গিয়ে তিনি দেখতে পান,পরিচ্ছন্নকর্মী ছাড়া কার্যালয়ে উপস্থিত নেই কোনো কর্মকর্তা-কর্মচারী। অধিকাংশ কক্ষ তালাবদ্ধ থাকায় বাধ্য হয়ে অফিসের বারান্দায় রাখা চেয়ারে বসে প্রায় আধা ঘণ্টা অপেক্ষা করতে হয় তাঁকে।
বুধবার (৪ মার্চ) সকাল ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি কার্যালয়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান,প্রধান ফটক খোলা থাকলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কক্ষ বন্ধ ছিল। এ সময় ভূমি সেবা নিতে আসা এক সেবাগ্রহীতার সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী এবং সরাসরি সেবার অবস্থা সম্পর্কে জানতে চান।
প্রতিমন্ত্রীর আগমনের প্রায় ৩০ মিনিট পর তড়িঘড়ি করে কার্যালয়ে উপস্থিত হন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা। সময়মতো উপস্থিত না থাকার কারণ জানতে চাইলে তারা বিভিন্ন ব্যাখ্যা দেন। তবে এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন কায়সার কামাল।
পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন,সারা দেশের ভূমি অফিসগুলো নিয়ে নানা অভিযোগ রয়েছে। সবচেয়ে বড় সমস্যা হলো সেবা প্রদানকারী কর্মকর্তা ও সেবাগ্রহীতার মধ্যে দূরত্ব। জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে হবে। প্রথাগত আমলাতান্ত্রিক মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে।
তিনি আরও জানান,সরকারের ঘোষিত দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’নীতির আওতায় অনিয়মের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।