
বন্দর প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ (সদর–বন্দর) আসনে নির্বাচনী তৎপরতা জোরদার হয়েছে। এ প্রেক্ষাপটে বন্দর এলাকায় বৃহত্তর সুন্নী জোট সমর্থিত এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদীর সমর্থনে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে বন্দর সরকারি কদম রসুল কলেজ সংলগ্ন মাঠে আয়োজিত এই সমাবেশে ‘চেয়ার’ প্রতীকের সমর্থনে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। আয়োজকদের দাবি,সমাবেশস্থল জনসমাগমে পূর্ণ হয়ে যায়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী শান্তি, সামাজিক সম্প্রীতি ও বৈষম্যহীন সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন,সুফিবাদী আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জনগণের কল্যাণে কাজ করতে চান। নারায়ণগঞ্জ-৫ আসনের উন্নয়ন,সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধ এবং নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্য তুলে ধরেন তিনি।
বক্তব্যে আরও বলা হয়, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ন্যায় ও সামাজিক ভারসাম্যের রাজনীতিতে বিশ্বাসী এবং স্থানীয় উন্নয়ন ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর,যুগ্ম মহাসচিব মো.আমজাদ আলী,ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো.তরিকুল হাসান লিংকন, মজলিশে শুরা সদস্য আবু সাইদ কাদেরী,ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি মো.মনির হোসাইনসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা।
এছাড়াও নারায়ণগঞ্জ জেলা ও বন্দর থানা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়,যা বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।