
বিশেষ প্রতিবেদক:গাজীপুর।
গাজীপুরের শ্রীপুরে ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বেকারির সম্পূর্ণ মালামাল ও যন্ত্রপাতি পুড়ে গেছে। অগ্নিসংযোগের অভিযোগে স্থানীয়দের হাতে আটক এক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।গাজীপুরের শ্রীপুর উপজেলার রেলস্টেশনের পূর্ব পাশে অবস্থিত একটি বেকারিতে ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (০৪ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৩টার দিকে আগুন লাগে বলে জানা গেছে। এতে বেকারির ভেতরে থাকা কাঁচামাল,প্রস্তুত পণ্য ও যন্ত্রাংশ পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় সূত্র ও বেকারির কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়,ভোরের দিকে হঠাৎ বেকারির পূর্ব কোণা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ভেতরে থাকা শ্রমিকরা দ্রুত বের হয়ে যান। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বেকারির ভেতরের প্রায় সবকিছু পুড়ে যায়। দ্রুত শ্রমিকরা বের হয়ে যেতে পারায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
বেকারির মালিক পক্ষের একজন,রফিকুল ইসলাম রকি, জানান— এটি পরিকল্পিত অগ্নিসংযোগ হতে পারে বলে তাদের সন্দেহ। ঘটনাস্থল থেকে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো.খাইরুল আলম বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নাছির আহমেদ বলেন,স্থানীয়দের হাতে আটক এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে।