
কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্ট মার্টিনগামী একটি যাত্রীবাহী জাহাজে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুনে জাহাজটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়। জাহাজটির নাম ‘দ্যা আটলান্টিক ক্রুজ।আগুন লাগার সময় জাহাজে কোনো পর্যটক উপস্থিত ছিলেন না বলে জানিয়েছে প্রশাসন।
ঘটনাটি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বলেন,
“আগুন লাগার পরপরই নির্বাপণের কাজ শুরু করা হয়। জাহাজটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যেহেতু পর্যটকরা জাহাজে ছিলেন না,তাই বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আগুনে জাহাজটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।