
বিশেষ প্রতিনিধি।
শিক্ষা,মানবতা ও নৈতিকতার প্রতীক মরহুম মাস্টার জাকের হোসেন চৌধুরীর স্মৃতিকে ধারণ করে হ্নীলা ইউনিয়নে অনুষ্ঠিত হলো তরুণ প্রজন্মের এক ব্যতিক্রমী মিলনমেলা। মরহুম মাস্টার জাকের হোসেন চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান পরিণত হয় এক আদর্শিক সমাবেশে—যেখানে আলোচনা,আবেগ আর সাংস্কৃতিক আয়োজনে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
হ্নীলা ইউনিয়নের স্থানীয় মাঠে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তরুণ সমাজ,বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং রাজনৈতিক নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানটি শুধু স্মরণ নয়,বরং ভবিষ্যৎ প্রজন্মকে সৎ ও মানবিক পথে পরিচালিত করার এক দৃঢ় অঙ্গীকারে রূপ নেয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হ্নীলা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক এবং মরহুম মাস্টার জাকের হোসেন চৌধুরীর সন্তান মুরাদ হোসেন (জিয়া)। আবেগঘন কণ্ঠে তিনি বলেন,আমার পিতা মাস্টার জাকের হোসেন চৌধুরী আজীবন মানুষের কল্যাণ,শিক্ষা বিস্তার ও নৈতিক সমাজ গঠনে নিজেকে উৎসর্গ করেছিলেন। তাঁর আদর্শই আমাদের পথচলার প্রেরণা।তরুণ প্রজন্ম যদি এই আদর্শ ধারণ করে,তবে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়া সম্ভব।
তিনি তরুণদের মাদক,সহিংসতা ও অনৈতিকতা থেকে দূরে থেকে দেশ ও সমাজের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা যুবদলের কান্ডারি,টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান এবং মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত জনাব জিয়াউর রহমান। তিনি বলেন,তরুণ প্রজন্মই একটি জাতির সবচেয়ে বড় শক্তি। সুশিক্ষা,দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ তরুণরাই পারে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে।
তিনি মরহুম মাস্টার জাকের হোসেন চৌধুরীর অবদান স্মরণ করে স্মৃতি সংসদের এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।

এছাড়াও অনুষ্ঠানে নুর আহমদ আনুয়ারীসহ স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা মরহুম জাকের হোসেন চৌধুরীর কর্মময় জীবন,শিক্ষা ও সামাজিক অগ্রগতিতে তাঁর অবদানের কথা তুলে ধরেন এবং তাঁর স্মৃতিকে ধারণ করে ভবিষ্যতে আরও সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে তরুণ প্রজন্মের অংশগ্রহণে মিলনমেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়,যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। পুরো আয়োজনের সঞ্চালনা ও ব্যবস্থাপনায় স্মৃতি সংসদের নেতৃবৃন্দ নিষ্ঠা ও আন্তরিকতার পরিচয় দেন।
স্থানীয়দের মতে,এ ধরনের আয়োজন হ্নীলা ইউনিয়নের সামাজিক,সাংস্কৃতিক ও নৈতিক চর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে এবং নতুন প্রজন্মকে আদর্শিক পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।